ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পাঁচ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) বিকেলে ঢাবির ভিসি চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন অন্তত পাঁচ সাংবাদিক। একইসঙ্গে গুলিবিদ্ধ হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন- আফসানা জুঁই ও আব্দুল হান্নান মাসুদ। তারা জানান, গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন। তখন তাদের লক্ষ্য করে দুইদিক থেকে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বর্তমানে ছয় সাংবাদিক ও দুই শিক্ষার্থী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সকাল থেকে অন্তত ৩০ জন ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন।ঢামেক সূত্র জানিয়েছে, আহত ঢাবির দুই শিক্ষার্থীর পায়ে ছররা গুলির অসংখ্য চিহ্ন রয়েছে। হাসপাতালে আসা আহতের সংখ্যাও বাড়ছে।